টিকা দেওয়ায় ২০০ দেশের মধ্যে বাংলাদেশ দশম: স্বাস্থ্যমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

দেশে অন্তত এক ডোজ করোনার টিকা পাওয়া মানুষের সংখ্যা ১২ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, টিকা দেওয়ার দিক থেকে ২০০ দেশের মধ্যে এখন বাংলাদেশের অবস্থান দশম।

গণটিকা কার্যক্রম আরও দুই দিন বাড়ানোর ঘোষণা দিয়ে তিনি আজ এসব তথ্য জানিয়েছেন।

আজ শনিবার এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে সকাল থেকে গণটিকা কার্যক্রম শুরু হয়। বিকেলে অনির্ধারিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এসে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ যে খবর পাচ্ছি তাতে আজ এক কোটির বেশি মানুষ টিকা পাবেন। এর মধ্য দিয়ে দেশে অন্তত এক ডোজ টিকা পাওয়া মানুষের সংখ্যা ১২ কোটি ছাড়াবে।

অন্তত ৭০ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনার কথা উল্লেখ করে জাহিদ মালেক বলেন, আমরা সেই লক্ষ্যমাত্রা পূরণ করেছি। তিনি বলেন, গণটিকা কার্যক্রমের পাশাপাশি প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ টিকা কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, টিকা নেওয়া মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশ এখন দশম অবস্থানে আছে। এই দিক থেকে আমরা রাশিয়া ও ফ্রান্সের ওপরে আছি। সংক্রমণের হার এখন সাড়ে চার শতাংশের আশপাশে। টিকার সুবাদে আগামী দিনগুলোতে সংক্রমণের হার আরও কমবে বলে আশা করছি।