টানা দ্বিতীয় দিনে মৃত্যু নেই, শনাক্ত ১.৩৮ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ১৮২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ।

এ নিয়ে চলতি বছরে পরপর ২ দিন করোনায় কারো মৃত্যু হয়নি। এর আগে গত বছর ৯ ডিসেম্বর করোনায় মৃত্যুহীন দিন দেখেছিল দেশ।

এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১১২ জন ও শনাক্ত ১৯ লাখ ৫০ হাজার ১২৪ জন।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৫৪ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৩ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষায় ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের মধ্যে ১১৮ জন ঢাকা বিভাগের, ২৪ জন চট্টগ্রাম বিভাগের, ১৫ জন রাজশাহী বিভাগের, ৮ জন সিলেট বিভাগের, ৫ জন খুলনা বিভাগের, ৫ জন বরিশাল বিভাগের, ৩ জন রংপুর বিভাগের এবং ২ জন ময়মনসিংহ বিভাগের।