চলতি বছর করোনায় প্রথম মৃত্যুহীন দিন
চলতি বছরে দেশে প্রথমবারের মতো গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এর আগে সর্বশেষ গত ৯ ডিসেম্বর করোনায় মৃত্যুহীন দিন দেখেছিল দেশ।
এ পর্যন্ত দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১১২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ২১৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ।
এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১২ জন।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় দেশে ১ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ১ দশমিক ৭৫ শতাংশ।
আজ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৪ হাজার ৪৯ টি নমুনা পরীক্ষায় ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।