চট্টগ্রামে আজ মৃত্যু ৩, শনাক্ত ২৪.৩৮ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

চট্টগ্রাম নগরীতে বেড়েছে মৃত্যু ও করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্তের হার বেড়ে ২৪ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। পূর্ববর্তী ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছিল। শনাক্তের হার ছিল ২১ দশমিক ২২ শতাংশ।

আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ৯৮৯টি নমুনা পরীক্ষা করে ৭২৯ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৫৩০ জন মহানগর এলাকার ও ১৯৯ জন উপজেলাগুলো বাসিন্দা।

উপজেলায় পর্যায়ে সর্বোচ্চ ৩০ জন করে শনাক্ত হয়েছে হাটহাজারী ও রাউজান উপজেলায়। এ ছাড়া, লোহাগড়া উপজেলায় ২ জন,  সাতকানিয়ায় ৭ জন, বাঁশখালীতে ৭ জন, আনোয়ারায় ২০ জন, চন্দনাইশে ৪ জন, পটিয়ায় ২৭ জন, বোয়ালখালীতে ২২ জন, কর্ণফুলীতে ১ জন, রাঙ্গুনিয়ায় ৯ জন, ফটিকছড়িতে ২০ জন, সীতাকুণ্ডে ৪ জন, মীরসরাইয়ে ৫ জন এবং সন্দ্বীপে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ২০ হাজার ৪৪৩ জন। তাদের মধ্যে মহানগরে ৮৭ হাজার ৮০৭ জন এবং বিভিন্ন উপজেলায় ৩২ হাজার ৬৩৬ জন।

এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৫৮ জন । তাদের মধ্যে মহানগরে ৭৩৩ জন এবং উপজেলায় পর্যায়ে ৬২৫ জনের মৃত্যু হয়েছে।