খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫.৭৪ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪টি নমুনা পরীক্ষা করে ১৫৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৭৪ শতাংশ।

আজ মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদের সই করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় বিভাগের খুলনা জেলায় সর্বোচ্চ ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া যশোরে ৩৩ জন, কুষ্টিয়ায় ২৯ জন, ঝিনাইদহে ২৮ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, নড়াইল, বাগেরহাট ও মাগুরায় ৩ জন করে, সাতক্ষীরায় ২ জন ও মেহেরপুরে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১৪ হাজার ৪১৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন মোট ৩ হাজার ১৯৭ জন।