করোনা এখনো যায়নি, স্বাস্থ্যবিধি মানতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, 'করোনা নিয়ে অবহেলা করা যাবে না। করোনা এখনো যায়নি। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। যতোটুকু সম্ভব সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।'

আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলায় ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, 'দেশে এখনো অনেক দরিদ্র আছেন। দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছেন। এই রমজানেও গৃহহীন মানুষকে প্রায় ৩০ হাজার বাড়ি দিয়েছেন। ইতোমধ্যে গৃহহীনদের ৬ লাখ বাড়ি দিয়েছেন। ভবিষ্যতে গৃহহীনদের এই বাড়ি আরও দেবেন। তিনি প্রত্যেকটি মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দেবেন।'

ঈদ উপহার নিতে আসা উপস্থিত সবাইকে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'মানিকগঞ্জসহ সারাদেশে অনেক ‍উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, হাসপাতাল মেডিকেল কলেজ হয়েছে। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ নানা সুযোগ-সুবিধা দিয়েছে।'

এ সময় ঈদ উপহার হিসেবে জেলার ৫ হাজার দরিদ্র মানুষের মাঝে শাড়িকাপড় ও লুঙ্গি দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।