করোনার টিকাকেন্দ্র খোলা থাকবে শুক্রবার, প্রয়োজনে অতিরিক্ত বুথ
কোভিড-১৯ টিকাদান কার্যক্রম আগামীকাল শুক্রবার ছুটির দিনও চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রয়োজনে অতিরিক্ত বুথের মাধ্যমে টিকাদান কার্যক্রম চালানো হবে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এ নির্দেশনা দেয়।
দেশের সব সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন জেলার সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এবং পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠানো হয়েছে।
কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত একটি সার্কুলারে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার দেশের সব করোনা টিকাদান কেন্দ্র খোলা রেখে এবং প্রয়োজনে অতিরিক্ত কেন্দ্রের মাধ্যমে টিকাদান কার্যক্রম চালানো হবে।'
এতে আরও বলা হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি গণটিকা কার্যক্রমকে ঘিরে দেশে বিপুল উদ্দীপনা তৈরি হয়েছে। এতে টিকা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। জনগণের এই উৎসাহ ও টিকার চাহিদা পূরণে শুক্রবার টিকাদান অব্যাহত থাকবে।
গত ১৫ ফেব্রুয়ারি, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ২৬ ফেব্রুয়ারি এক কোটি মানুষকে টিকা দেওয়ার জন্য বিশেষ কর্মসূচির ঘোষণা দেয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ সন্ধ্যায় ডেইলি স্টারকে বলেন, আমরা ২৬ ফেব্রুয়ারির মধ্যে আমাদের জনসংখ্যার ৭০ শতাংশকে প্রথম ডোজ ভ্যাকসিন দিয়ে টিকা দেওয়ার লক্ষ্য অর্জন করতে চাই।'