ওমিক্রনের নতুন ধরন কতটা উদ্বেগের, জানালেন বিশেষজ্ঞ

স্টার অনলাইন ডেস্ক

করোনাভাইরাস ওমিক্রনের নতুন একটি সাব ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বের বেশ কিছু অঞ্চলে। বিএ.২ নামের ওমিক্রনের এই ধরনটি বর্তমানে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৪৯টি দেশে পাওয়া গেছে।   

ডেনমার্কের মতো কিছু দেশে বিএ.২ ইতোমধ্যে ওমিক্রনের মূল ভ্যারিয়েন্টকে (বিএ.১) ছাড়িয়ে প্রভাববিস্তারকারী ভ্যারিয়েন্ট হিসেবে রূপ নিয়েছে। 

যেহেতু ল্যাবরেটরি টেস্টে এই ভ্যারিয়েন্টটি স্বাতন্ত্র্য কোনো বৈশিষ্ট্য বহন করছে না তাই সেটি এস-জিন হিসেবে স্বীকৃত না। প্রথমে এটাকে স্ক্রিনে অন্যান্য করোনাভাইরাস ভ্যারিয়েন্টের মতো মনে হয়। সে কারণে কেউ কেউ একে 'স্টেলথ ভ্যারিয়েন্ট' বলে অভিহিত করেছেন।

images.jpg
ছবি: সংগৃহীত

ওমিক্রনের এই স্টেলথ ভ্যারিয়েন্টের বিষয়ে আমাদের কতটা চিন্তিত হওয়া উচিত? টিকা গ্রহণকারীরা কি এর থেকে সুরক্ষিত? যারা সম্প্রতিকালে কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন—তারা কি আবারও সংক্রমিত হতে পারেন?

এসব প্রশ্নের উত্তর পেতে মেডিকেল বিশ্লেষক ডা. লিয়ানা ওয়েনের সঙ্গে কথা বলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। ওয়েন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মিলকেন ইনস্টিটিউট স্কুল অব পাবলিক হেলথ-এর একজন জরুরি চিকিৎক এবং স্বাস্থ্য নীতি ও ব্যবস্থাপনা বিষয়ের অধ্যাপক। এ ছাড়া তিনি 'লাইফলাইনস: আ ডক্টরস জার্নি ইন দ্য ফাইট ফর পাবলিক হেলথ'-বই এর লেখক।

সিএনএন: আমাদের কি ওমিক্রনের নতুন এই সাব ভ্যারিয়েন্টের বিষয়ে চিন্তিত হওয়া উচিত?

ডা. লিয়ানা ওয়েন: আমাদের সতর্ক থাকা উচিত এবং নতুন তথ্য প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সেটা পর্যবেক্ষণ করা উচিত, তবে এ ব্যাপারে চিন্তিত হওয়া উচিত নয়।

আমরা এখানে বিএ.২ সম্পর্কে যেটা জেনেছি সেটা হলো এটা কত দ্রুত ছড়িয়ে পড়ে, এমনকি সংক্রামক ভ্যারিয়েন্ট বিএ.১-কে স্থানচ্যুত করে, কিছু জায়গায় নতুন এই সাব ভ্যারিয়েন্টের সংক্রমণ আরও বেশি বলে মনে করা হচ্ছে। এর কোনো প্রমাণ নেই যে, এটি আসল ওমিক্রনের চেয়ে বেশি গুরুতর সমস্যা সৃষ্টি করে। তা ছাড়া এটা ডেল্টার মতো পূর্ববর্তী ভ্যারিয়েন্টের তুলনায় হালকা অসুস্থতা সৃষ্টি করে।

যুক্তরাজ্যের প্রাথমিক সমীক্ষাগুলোতে দেখা গেছে দুই ডোজ টিকা দেওয়া এবং বুস্টার ডোজ নেওয়া ব্যক্তিরা বিএ.২ থেকে ওমিক্রনের প্রথম ধরন বিএ.১-এর মতোই সুরক্ষিত। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মানে হলো যে, ওমিক্রনের এই নতুন ভ্যারিয়েন্টে সংক্রামিত হলে যাদের টিকা দেওয়া এবং বুস্টার ডোজ নেওয়া আছে তাদের গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা নেই।