হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষার দাবি যুক্তরাষ্ট্রের
শব্দের চেয়ে দ্রুত গতির হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষার দাবি করেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী।
গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে এই অস্ত্রের পরীক্ষা চালানো হয়।
মার্কিন বিমান বাহিনীর বার্তায় জানানো হয়, একটি বি-৫২ বোমারু বিমান থেকে 'এয়ার-লঞ্চড র্যাপিড রেসপন্স ওয়েপন' (এআরআরডব্লিউ) ছোড়া হয়।
বার্তায় আরও বলা হয়, 'বোমারু বিমান থেকে শব্দের চেয়ে ৫ গুণ দ্রুত গতির এই হাইপারসনিক অস্ত্রটি ছোড়ার পর তা প্রত্যাশিত ফল দেয়।'
প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনে হাইপারসনিক অস্ত্রের ব্যবহার করেছে।
মার্কিন সামরিক কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, চীনও হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে, গত অক্টোবরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবি অস্বীকার করে।