যুক্তরাষ্ট্রে ভারি তুষারপাত: ৫ রাজ্যে জরুরি অবস্থা, বিদ্যুৎহীন হাজারো মানুষ

স্টার অনলাইন ডেস্ক

তুষারঝড় ও ভারি তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রে পূর্ব উপকূলের কিছু অংশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অঞ্চলের পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে হাজার হাজার মানুষের বিদ্যুৎ সংযোগ।

আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গতকাল শনিবার পূর্ব উপকূলে তুষারপাত ও প্রবল বাতাস ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা আগে ৫টি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ম্যাসাচুসেটসের কিছু এলাকায় আড়াই ফুট পর্যন্ত তুষারপাত দেখা গেছে। স্থানীয়দের বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছে। সপ্তাহান্তে প্রায় ৬ হাজার মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তুষারঝড় মেইন রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং উত্তর-পূর্বাঞ্চলের বেশিভাগ এলাকায় শীতল তাপমাত্রার সমস্যা থাকবে।

a3bccffa.jpg
নিউইয়র্কের কর্মকর্তারা মানুষকে ঘরে থাকতে বলেছেন। ছবি:রয়টার্স

নর'ইস্টার নামে পরিচিত এই ঝড়ের ফলে নিউইয়র্ক ও ম্যাসাচুসেটসে ভারি তুষারপাত হচ্ছে। উপকূলে আকস্মিক বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। শনিবার বোস্টন শহরে ২৩ দশমিক ৬ ইঞ্চি তুষার পড়েছে।

শনিবার রাতে ম্যাসাচুসেটস রাজ্যের ৮০ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হচ্ছে কেপ কড। উপকূলীয় ঝড়ের ফলে বন্যার খবর পাওয়া গেছে নানটকেটেও।

স্থানীয় আবহাওয়াবিদ ম্যাথিউ ক্যাপুচি বিবিসিকে বলেন, 'তুষারপাতের পরিমাণ একটি সমস্যা। প্রতি ঘণ্টায় ৮ থেকে ১০ সেমি তুষারপাত হচ্ছে। বিশ্বের কোনো রোড ক্রুই এটি সামলাতে পারত না। অর্থাৎ সমস্ত রাস্তাঘাট একরকম বন্ধ হয়ে গেছে।'