নার্সের বিরুদ্ধে ভুয়া টিকা সনদ সরবরাহ করে ১.৫ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের ২ নার্সের বিরুদ্ধে ভুয়া করোনা টিকার সনদ সরবরাহ করে দেড় মিলিয়ন ডলারেরও বেশি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

প্রসিকিউটর ও পুলিশের বরাত দিয়ে শনিবার বার্তাসংস্থা এপি এ খবর জানায়।

অ্যামিটিভিলের ওয়াইল্ড চাইল্ড পেডিয়াট্রিক হেলথকেয়ারের মালিক জুলি ডিভুওনো ও তার কর্মচারী মারিসা উরারোর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার তাদের দুজনকে আদালতে হাজির করা হয়।

সাফোক কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রেমন্ড টিয়ার্নি বলেন, 'তারা দুজনে মিলে এ জালিয়াতি করেছেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ২২০ ডলার ও শিশুদের ক্ষেত্রে ৮৫ ডলারের বিনিময়ে তারা ভুয়া টিকা কার্ড দিয়েছেন।'

'নার্স প্র্যাকটিশনার ডিভুওনো ও লাইসেন্সপ্রাপ্ত নার্স উরারো স্টেটের ইমিউনাইজেশন ডাটাবেসে ভুয়া তথ্য সরবরাহ করেছেন,' যোগ করেন তিনি।

প্রসিকিউটররা জানান, ওই দুই নার্স একজন আন্ডারকভার গোয়েন্দাকে ভুয়া টিকা সনদ দিয়েছেন। অথচ ওই গোয়েন্দাকে তারা টিকাই দেননি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিভুওনোর বাড়িতে তল্লাশি চালানোর পর জানিয়েছে যে সেখানে নগদ প্রায় ৯ লাখ ডলার পাওয়া গেছে। এছাড়া, একটি খাতার হিসাব থেকে দেখা গেছে যে ২০২১ সালের নভেম্বর থেকে তারা দেড় মিলিয়ন ডলারেরও বেশি টাকা আয় করেছেন।

নার্স উরারোর আইনজীবী মাইকেল আলবার এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের রায়ের জন্য তাড়াহুড়ো না করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, 'আমরা তদন্তের ত্রুটিগুলো উপস্থাপন করার জন্য প্রস্তুত। একটি অভিযোগ অবশ্যই চিকিৎসা ক্ষেত্রে মিস উরারোর ভাল কাজকে ছাপিয়ে যাবে না।'