যুক্তরাষ্ট্রে কনসার্টে ‘পদদলিত’ হয়ে নিহত অন্তত ৮

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি কনসার্টে 'পদদলিত' হয়ে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। আজ শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিউস্টন শহরের অগ্নিনির্বাপক প্রধান গতকাল রাতে অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভ্যালে ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হিউস্টনের অগ্নিনির্বাপক প্রধান স্যামুয়েল পেনা বলেন, রাতে অন্তত ৮ জন পদদলিত হয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তবে, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করা হয়নি।

পেনা বলেন, স্থানীয় সময় রাত ৯টা ১৫ মিনিটে মঞ্চের চারপাশে মানুষ ভিড় করতে শুরু করলে এ ঘটনা ঘটে। তখন মানুষ শ্বাস নিতে না পেরে বেরিয়ে যেতে শুরু করে।

হিউস্টন পুলিশের নির্বাহী সহকারী প্রধান ল্যারি স্যাটারহোয়াইট বলেন, ঘটনাটি হঠাৎ করেই ঘটেছে। মনে হচ্ছিল সবকিছু মুহূর্তেই ঘটেছে... মাত্র কয়েক মিনিটের মধ্যে।'

পেনা বলেন, কর্মকর্তারা ১৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাদে ১১ জন হৃদরোগে আক্রান্ত ছিলেন। এনআরজি পার্কের ঘটনাস্থলে অনেকের চিকিৎসাও করা হয়। একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছিল।