ট্রাম্প সাম্রাজ্যের ‘সম্রাজ্ঞী’ ইভানা মারা গেছেন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প (৭৩) মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ সাবেক প্রেসিডেন্টের পোস্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
পোস্টে ট্রাম্প বলেন, 'সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ইভানা ট্রাম্প নিউইয়র্ক শহরে নিজ বাসায় মারা গেছেন।'
প্রতিবেদনে বলা হয়, 'ট্রাম্প টাওয়ার'সহ ট্রাম্পের কিছু গুরুত্বপূর্ণ ভবন নির্মাণে ইভানা অবদান রেখেছিলেন।
১৯৭৭ সালে ইভানা ও ট্রাম্পের বিয়ে ও ১৯৯২ সালে বিচ্ছেদ হয়। এই দম্পতির ৩ সন্তান— ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও এরিক।
ট্রাম্প পরিবারের বার্তায় বলা হয়, 'ইভানা কমিউনিস্ট শাসন থেকে পালিয়ে এই দেশে (যুক্তরাষ্ট্র) আশ্রয় নিয়েছিলেন। তিনি তার সন্তানদের দৃঢ়তা, সহানুভূতি ও দৃঢ় সংকল্পের শিক্ষা দিয়েছিলেন।'
ট্রাম্পের পোস্ট বা পারিবারিক বার্তায় ইভানার মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। তবে পুলিশের মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, ইভানাকে তার অ্যাপার্টমেন্টের ভেতরে সিঁড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইভানা সম্ভবত সিঁড়িতে পড়ে গিয়েছিলেন।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ইভানা হৃদরোগে আক্রান্ত হওয়ায় তার অ্যাপার্টমেন্টে চিকিৎসকদের ডাকা হয়েছিল।
ইভানা মারি জেলনিকোভার জন্ম ১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি কমিউনিস্ট-শাসিত সাবেক চেকোস্লোভাকিয়া বা বর্তমানের চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের কাছে লিন শহরে।