চীনের আধিপত্য রোধে সলোমন দ্বীপপুঞ্জে আবারও দূতাবাস খুলবে যুক্তরাষ্ট্র

স্টার অনলাইন ডেস্ক

প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জে চীনের আধিপত্য রোধে আবারও দূতাবাস স্থাপন করতে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওই অঞ্চলের ফিজিতে সফররত অবস্থায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এ বিষয়ে একজন মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, চীন 'আগ্রাসীভাবে' সলোমনের রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে জড়িত হওয়ার চেষ্টা করছে। তাদের এই কর্মকাণ্ডগুলো 'সত্যিকারের উদ্বেগের কারণ।'

এর আগে ১৯৯৩ সালে সলোমন দ্বীপপুঞ্জ থেকে দূতাবাস গুটিয়ে নেয় যুক্তরাষ্ট্র। 

অর্থনৈতিক সমস্যা এবং চীনবিরোধী মনোভাবের কারণে রাজধানী হোনিয়ারা দাঙ্গায় কেঁপে ওঠার কয়েক মাস পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বীপপুঞ্জের দেশ সলোমন, যা পাপুয়া নিউ গিনির দক্ষিণ-পূর্বে বেশ কয়েকটি বড় আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত। ২০১৯ সালে সালে দেশটি তাইওয়ান থেকে চীনের প্রতি কূটনৈতিক আনুগত্য পরিবর্তন করেছে।