করোনায় আক্রান্ত বারাক ওবামা
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গতকাল রোববার টুইটার বার্তায় তিনি জানান, 'কয়েকদিন ধরে আমার গলায় খুসখুসে ভাব হচ্ছে, কিন্তু এটা বাদ দিলে আমি ভালোই আছি।'
তিনি আরও জানান, সাবেক ফার্স্ট লেডি মিশেলের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আরেক বার্তায় ওবামা বলেন, 'আমি আর মিশেল ভ্যাকসিন ও বুস্টার ডোজ পেয়ে কৃতজ্ঞ।'
'এটি আমাদেরকে আবারো মনে করিয়ে দিচ্ছে, সংক্রমণের হার কমে যাওয়া সত্ত্বেও আপনাদের সবার ভ্যাকসিন ও বুস্টার নেওয়া উচিৎ, যদি তা ইতোমধ্যে নিয়ে না থাকেন। এতে আরও জটিল উপসর্গ ও অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে দেওয়ার ব্যাপারগুলোকে এড়ানো যাবে', যোগ করেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন' প্রতিবেদনে বলা হয়েছে, বারাক ওবামা সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে ফিরে এসেছেন। পুরো শীত মৌসুমে তিনি হাওয়াই দ্বীপে কাটিয়েছেন।
ওবামার সঙ্গে সংশ্লিষ্ট একজন গণমাধ্যমকে জানিয়েছেন, ওয়াশিংটনে আসার পর সাবেক প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত হন।
২০২০ সালের অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার পর দ্বিতীয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামা এ রোগে আক্রান্ত হলেন।
মহামারির পুরোটা সময় ওবামা গণস্বাস্থ্য উদ্যোগের উন্নয়নের পক্ষে বক্তব্য দিয়েছেন। গত আগস্টে তিনি ডেল্টা ধরনের প্রকোপের কারণে তার জন্মদিনের অনুষ্ঠানের কলেবর কমিয়ে আনেন।