করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল বিকেলে পিসিআর পদ্ধতিতে ব্লিঙ্কেনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে।
তিনি ইতোমধ্যে ২ ডোজ টিকা ও বুস্টার ডোজ নিয়েছেন এবং শুধুমাত্র হালকা উপসর্গ অনুভব করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বেশ কিছুদিনের মাঝে পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সশরীরে দেখা করেননি।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) নির্দেশনা অনুযায়ী এবং ব্যুরো অফ মেডিকেল সার্ভিসেসের সঙ্গে পরামর্শ করে ব্লিঙ্কেন নিজের বাসায় আইসোলেশনে থাকবেন এবং একটি নিদিষ্ট সময়সূচী বজায় রেখে 'ভার্চুয়ালি' কাজ করবেন।
বিজ্ঞপ্তি মতে, তিনি তার কর্মস্থলে ফিরে আসার জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব তার সম্পূর্ণ দায়িত্ব পালন এবং ভ্রমণ পুনরায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ব্লিঙ্কেন ডাক্তার, নার্স এবং চিকিৎসা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
