রমজানে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা সৌদি জোটের

স্টার অনলাইন ডেস্ক

আসন্ন রমজান মাসে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বানের পর মঙ্গলবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় আলজাজিরা।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এবং ইরান সমর্থিত হুতিদের সঙ্গে শান্তি চুক্তি নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করছে জাতিসংঘ। ২০১৫ সাল থেকে সৌদি জোট ও হুতিদের মধ্যে যুদ্ধ চলছে।

৩ বছরেরও বেশি সময়ের মধ্যে এই যুদ্ধবিরতির ঘোষণা শান্তি প্রচেষ্টার সবচেয়ে উল্লেখযোগ্য উদ্যোগ। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় গত ৭ বছর ধরে চলমান এই সংঘাতের অবসান ঘটাতে চেষ্টা করে যাচ্ছে।

এই যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং অনেকেই অনাহারে দিন কাটাচ্ছেন।

জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকির বিবৃতির বরাত দিয়ে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, 'জোটের যৌথ বাহিনীর কমান্ড আজ বুধবার সকাল ৬টা থেকে ইয়েমেনে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে।'

এসপিএ আরও জানায়, ইয়েমেন সংকটের অবসান এবং একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।