ইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহত অন্তত ৫০

স্টার অনলাইন ডেস্ক

ইরাকের নাসিরিয়া শহরে এক হাসপাতালের করোনা ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ৫০ জনের বেশি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার আল-হুসাইন হাসপাতালে আগুন লাগলে তা গতকাল সোমবার মধ্যরাতের দিকে নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ এখনো জানা না গেলেও ধারণা করা হচ্ছে, একটি অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

হাসপাতালের বাইরে রোগীদের আত্মীয়-স্বজনদের বিক্ষোভ করতে দেখা গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলাকালে পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

হাসপাতালের এক নিরাপত্তারক্ষী রয়টার্সকে বলেন, ‘আমি হাসপাতালের করোনাভাইরাস ওয়ার্ডে বিকট শব্দ শুনতে পাই। তারপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।’

মেডিকেল কর্মকর্তারা বার্তা সংস্থা এপি’কে জানান, মাত্র তিন মাস আগে ৭০ শয্যা বিশিষ্ট এই ওয়ার্ডটি নির্মাণ করা হয়েছে।

একজন আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তা জানান, আগুন লাগার সময় সেই ওয়ার্ডে অন্তত ৬৩ জন ভর্তি ছিলেন।

এ ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদেমি হাসপাতালের প্রধানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।