শুক্রবার আজান সম্প্রচার করতে পারবে জার্মানির বৃহত্তম মসজিদ

স্টার অনলাইন ডেস্ক

জার্মানির বৃহত্তম মসজিদে প্রতি শুক্রবার লাউডস্পিকারে আজান সম্প্রচারের অনুমতি দেওয়া হবে। কোলন শহর এবং সেখানের মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিষেধাজ্ঞা শিথিলের একটি চুক্তির পর এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

আজ সোমবার রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২ বছরের এই উদ্যোগ অনুযায়ী কোলনের ৩৫টি মসজিদকে প্রতি শুক্রবার দুপুর থেকে বিকেল ৩টার মধ্যে পাঁচ মিনিট সময় পর্যন্ত আজান সম্প্রচারের অনুমতি দেওয়া হবে। এর মধ্যে আছে- ২০১৮ সালে প্রতিষ্ঠিত কোলন কেন্দ্রীয় মসজিদ।

কোলনের মেয়র হেনরিয়েট রেকার টুইট করেছেন, মুয়াজ্জিনের আজানের অনুমতি দেওয়া আমার কাছে একটি সম্মানের বিষয়।

শহর কর্তৃপক্ষ বলেছে, শুক্রবার আজান সম্প্রচার করতে চাওয়া মসজিদগুলোকে লাউডস্পিকারের শব্দসীমা মেনে চলতে হবে। একইসঙ্গে প্রতিবেশীদের বিষয়টি আগাম অবহিত করতে হবে।

জার্মানিতে প্রায় ৪.৫ মিলিয়ন মুসলিমের বসবাস এবং তারা সেদেশের অন্যতম বৃহত্তম একটি ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী।