রোম ও পিসায় ঐতিহাসিক দালানে পর্যটকের ড্রোনের আঘাত

স্টার অনলাইন ডেস্ক

রোমের ঐতিহাসিক পালাজ্জো ভেনেজিয়ার ছাদে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রোন আঘাত হেনেছে।

মার্কিং সংবাদ সংস্থা সিএনএন এর প্রতিবেদন মতে, এ মাসে এটি ইতালিতে এ ধরনের ৩য় ঘটনা।

২৩ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে আর্জেন্টিনা থেকে আগত ৩৯ বছর বয়সী এক পর্যটক তার ড্রোনের নিয়ন্ত্রণ হারান। সে সময় তিনি সেন্ট্রাল পিয়াজ্জা ভেনেজিয়ায় ছিলেন। এ বিষয়টি ইতালির কারাবিনিয়েরি পুলিশ সিএনএনকে নিশ্চিত করেছে।

এই ১৫শ শতকের 'পালাজ্জো' বা প্রাসাদে তৎকালীন একনায়ক বেনিতো মুসোলিনী বেশ কিছু বিখ্যাত বক্তৃতা দেন।

কারাবিনিয়েরির ক্যাপ্টেন মাত্তেও আলবোরগেত্তি বলেন, 'তিনি সম্ভবত রোম ও ভ্যাটিকানের আকাশে ড্রোন ওড়ানোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কে জানতেন না।'

'সৌভাগ্যজনকভাবে, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কেউ আহত হয়নি এবং পালাজ্জো ভেনেজিয়ার ছাদ অক্ষত রয়েছে', যোগ করেন তিনি।

তিনি আরও জানান, ড্রোনটি আটক করা হয়েছে এবং আর্জেন্টিনা থেকে আগত পর্যটকের বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি চলছে।

বেশ কিছুদিন ধরে ইতালির বিভিন্ন ঐতিহাসিক দালানের আশেপাশে ড্রোন ওড়ানোর ঘটনার সংখ্যা অনেক বেড়েছে।

১৮ এপ্রিলে পিসার বিখ্যাত হেলানো মিনারের পাশে অবস্থিত পিয়াজ্জা দেই মিরাকোলির ওপর দিয়ে ড্রোন ওড়ানোর সময় রোমানিয়া থেকে আগত ৩২ বছর বয়সী এক পর্যটককে আটক করা হয়।

পিসা পুলিস বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।  

পুলিশের সদর দফতরের কর্মকর্তা ভার্জিলিও রুসো বলেন, 'তিনি পিসার মিনারের আরও উদ্দীপক ছবি তুলতে ছেয়েছিলেন।'

রুসো ব্যাখা করেন, অন্য অনেক দেশের চেয়ে ইতালিতে ড্রোন ওড়ানোর ক্ষেত্রে রয়েছে অনেক বিধিনিষেধ। ইতালিতে কোনো শহরে বা জণাকীর্ন জায়গায় ড্রোন ওড়াতে হলে আপনাকে বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের কাছ থেকে বিশেষ নিবন্ধন কার্ড সংগ্রহ করতে হবে। এছাড়াও, পৌরসভা ও পুলিশের কাছ থেকেও নিতে হবে বিশেষ অনুমোদন।  

একই দিনে মেক্সিকো থেকে আসা ১৮ ও ২৬ বছর বয়সী দুজন পর্যটকের ওড়ানো ড্রোন সরাসরি পিসার মিনারে আঘাত করে।

পুলিশ জানায়, ড্রোনের আঘাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশংকা থাকলেও এরকম কিছু হয়নি।