রাশিয়ার কামচাতকা উপদ্বীপে ২৮ যাত্রী নিয়ে উড়োজাহাজ নিখোঁজ
রাশিয়ার পূর্ব প্রান্তে সাইবেরিয়ার কামচাতকা উপদ্বীপে যাত্রীবাহী এক উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। এন-২৬ মডেলের উড়োজাহাজটিতে ২৮ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে দেশটির জরুরি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, উপদ্বীপের আঞ্চলিক রাজধানী পেত্রপাভলোভক্স-কামচাতস্কিতো থেকে উড়োজাহাজটি উত্তরাঞ্চলের পালানা গ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে এর সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইতোমধ্যে কাজে নেমেছে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী দল। উড়োজাহাজে ২২ জন সাধারণ যাত্রী এবং ছয় জন ক্রু ছিলেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
স্থানীয় আবহাওয়া কেন্দ্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ওই অঞ্চলের আবহাওয়া বর্তমানে মেঘাচ্ছন্ন।