শান্তি আলোচনায় তুরস্কে ইউক্রেনের প্রতিনিধি দল

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার উদ্দেশ্যে ইউক্রেনের একটি প্রতিনিধি দল তুরস্কের রাজধানী ইস্তানবুলে পৌঁছেছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ এবং প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান মিখাইল পোডোলিয়াক।

প্রতিনিধি দল জানিয়েছে, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যুদ্ধবিরতি নিশ্চিত করা। যদিও এটি আদৌ সম্ভব কি না, তা নিয়ে তারা সন্দিহান।

প্রায় ২ সপ্তাহের বিরতির পর প্রথম সশরীরে বৈঠক করতে যাচ্ছে দুই পক্ষ। এই বৈঠকের আয়োজকের ভূমিকা পালন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান

আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠক শুরু হওয়ার কথা।

রাশিয়া দাবি করেছে, ইউক্রেনের আঞ্চলিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার সব ধরনের ইচ্ছাকে পাকাপাকিভাবে বর্জন করতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ইতোমধ্যে জানিয়েছেন, তিনি এ বিষয়টিতে ছাড় দিতে ইচ্ছুক। 

আরও যেসব বিষয় নিয়ে বৈঠকে উত্তপ্ত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে আছে ইউক্রেনের পূর্ব প্রান্তে বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা অঞ্চলের ভবিষ্যৎ এবং ক্রিমিয়ার পরিস্থিতি।

সফল সামরিক অভিযানের পর, ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে রাশিয়া ক্রিমিয়াকে নিজেদের দেশের অংশ হিসেবে ঘোষণা দেয়।