রুশ জেনারেলদের হত্যায় ইউক্রেনকে তথ্য সহায়তার কথা অস্বীকার পেন্টাগনের
রুশ জেনারেলদের হত্যায় ইউক্রেনকে তথ্য সহায়তা দেওয়ার কথা অস্বীকার করেছে মার্কিন সেনাবাহিনীর সদরদপ্তর পেন্টাগন।
গতকাল বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন মতে, গতকাল পেন্টাগনের প্রেসসচিব জন কিরবি সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, 'ইউক্রেনের প্রতিরক্ষা সংগ্রামে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র কিয়েভকে যুদ্ধক্ষেত্রের গোয়েন্দা তথ্য দিয়ে থাকে।'
তিনি আরও বলেন, 'ইউক্রেন আমাদের ও মিত্রদের সেসব তথ্য যাচাই করে এবং নিজেদের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখে। তারপর তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেয় ও অভিযান পরিচালনা করে।'
কিরবির এমন মন্তব্যের সঙ্গে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিনি ওয়াটসনের বক্তব্যের মিল পাওয়া যায়। অ্যাড্রিনি বলেন, 'রুশ জেনারেলদের হত্যার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র কোনো গোয়েন্দা তথ্য দেয়নি।'
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস প্রথম 'রুশ জেনারেলদের হত্যায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তথ্য সহায়তা'র সংবাদ প্রকাশ করে।
সংবাদে বলা হয়, ইউক্রেনে রুশ সেনাদের গতিবিধি সম্পর্কিত তথ্য ওয়াশিংটন কিয়েভকে দিয়ে থাকে। ইউক্রেন সেসব তথ্য যাচাই করে ও এর সঙ্গে নিজেদের তথ্য মিলিয়ে নিয়ে হামলার পরিকল্পনা করে।
এভাবে যুদ্ধক্ষেত্রে ১২ জনের মতো রুশ জেনারেলকে হত্যা করা হয়েছে বলেও দাবি করে ইউক্রেন।