রাশিয়া-ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক স্থায়ী যুদ্ধবিরতির দরজা খুলে দেবে: এরদোয়ান

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার জন্য বৈঠকে বসতে সম্মত হয়েছেন এবং আগামীকাল তুরস্কে এই বৈঠক অনুষ্ঠিত হবে। খবর বিবিসির।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তিনি আশা করছেন- দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট আন্তালিয়ায় এই বৈঠক 'স্থায়ী যুদ্ধবিরতির দরজা খুলে দেবে'।

তবে, এটা পরিষ্কার নয় যে বৈঠকে কোনো অগ্রগতির সম্ভাবনা আছে কিনা। কারণ রাশিয়ার প্রেসিডেন্ট আগেই জানিয়েছেন, তিনি আলোচনা বা সামরিক উদ্যোগের মাধ্যমে তার লক্ষ্য অনুসরণ করবেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ন্যাটোর সদস্য হলেও দেশটির প্রেসিডেন্ট রুশ আগ্রাসনের বিষয়ে পশ্চিমা দেশগুলো থেকে ভিন্ন অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন। যদিও তিনি বলেছিলেন, তুরস্ক ইউক্রেনীয়দের সঙ্গে যা ঘটছে তা মেনে নেয়নি। কিন্তু, তিনি রাশিয়ার বিরুদ্ধে নেওয়া নিষেধাজ্ঞার সমর্থন দেননি।

এরদোয়ান বিখ্যাত কন্ডাক্টর এবং পুতিন সমর্থক ভ্যালেরি গারগিয়েভকে বরখাস্তের বিষয়টিকে 'হাস্যকর' বলে অভিহিত করেছেন।