রাশিয়ার বিরুদ্ধে 'কয়েক লাখ টন' শস্য চুরির অভিযোগ ইউক্রেনের

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে মস্কোর দখলকৃত এলাকা থেকে রুশ বাহিনী 'কয়েক লাখ টন' শস্য চুরি করেছে বলে অভিযোগ তুলেছেন ইউক্রেনের উপ-কৃষিমন্ত্রী তারাস ভিসোতস্কি।

আজ শনিবার ইউক্রেনের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ভিসোতস্কি আরও বলেন, রাশিয়া তাদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে সংরক্ষিত ১ দশমিক ৫ মিলিয়ন টন শস্যেরও বেশিরভাগ চুরি করবে বলে আশঙ্কা করছেন তিনি।

বিবিসি জানিয়েছে, রাশিয়া এই অভিযোগের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের শস্য চুরির অভিযোগ আনে। এর মাধ্যমে রাশিয়া বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তায় হুমকি বাড়িয়েছে বলে উল্লেখ করে মন্ত্রণালয়।

এদিকে ইউক্রেনের কৃষিমন্ত্রী মাইকোলা সোলস্কি বলেছেন, গত ২ সপ্তাহে শস্য চুরি বেড়েছে।

'আমি ব্যক্তিগতভাবে অধিকৃত অঞ্চলের অনেক সাইলো মালিকের কাছ থেকে এমনটা শুনেছি। সরাসরি ডাকাতি এটা', সোলস্কি যোগ করেন।