রাশিয়ার তেলের বিকল্প নেই: আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মন্ত্রী সুহেল আল-মাজরুই বলেছেন, বিশ্বের জ্বালানি বাজারে রাশিয়ার তেল প্রয়োজন। কোনো তেল উৎপাদনকারীই রাশিয়ার বিকল্প হয়ে উঠতে পারবে না।
আজ সোমবার দুবাইয়ে তিনি এ কথা বলেন বলে রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে জানানো হয়েছে।
ওপেক প্লাস জোটের গুরুত্বপূর্ণ সদস্য রাশিয়া প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে উল্লেখ করে আল-মাজরুই বলেন, 'রাজনীতিকে একপাশে রেখে আমাদের সেই পরিমাণ তেল প্রয়োজন। যদি কেউ ওই পরিমাণ তেল সরবরাহ করতে ইচ্ছুক না হয়, তাহলে কেউ রাশিয়ার বিকল্প হতে পারবে বলে মনে হচ্ছে না।'
সৌদি আরবের পর রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রুড রপ্তানিকারক দেশ। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রের পাশাপাশি কয়েকটি দেশ রাশিয়ার তেল ও গ্যাস কেনা বন্ধ করার ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য দেশ উপসাগরীয় আরব তেল উৎপাদনকারী দেশগুলোকে উৎপাদন বাড়াতে এবং অপরিশোধিত তেলের দাম কমিয়ে আনতে সহায়তা করার আহ্বান জানিয়ে আসছে।