রাশিয়াকে আক্রমণ নয়, ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র: বাইডেন
যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর হামলা করছে না, ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় সহায়তা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আজ বৃহস্পতিবার হোয়াইট হাউজ থেকে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।
বাইডেন বলেন, 'পুতিন যেমন এই নৃশংস আগ্রাসন শুরু করেছিলেন, তেমনি তিনি এটি শেষও করতে পারেন। রাশিয়া আগ্রাসী। বিশ্বকে অবশ্যই রাশিয়াকে দায়ী করতে হবে।'
ইউক্রেনে খাদ্য নিরাপত্তা পুনরুদ্ধার নিশ্চিত করতে আরও তহবিল প্রয়োজন উল্লেখ করে বাইডেন কংগ্রেসকে 'শস্য রপ্তানি পুনরুদ্ধার নিশ্চিত করতে যত তাড়াতাড়ি সম্ভব' নতুন বিল পাস করার আহ্বান জানান।
বুলগেরিয়া ও পোল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করায় রাশিয়ার সমালোচনা করে তিনি বলেন, 'এ থেকে বোঝা যাচ্ছে, রাশিয়া গ্যাসকে পণ্য হিসেবে নয়, অস্ত্র হিসেবে ব্যবহার করছে।'
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন প্রশাসন আজ কংগ্রেসের কাছে ইউক্রেনকে সহায়তা করার জন্য আরও ৩৩ বিলিয়ন মার্কিন ডলার চেয়েছে।