যুক্তরাজ্যের ২৮৭ এমপির বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের পার্লামেন্টের ২৮৭ জন সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। তাদের মধ্যে ২১৩ জন কনজারভেটিভ এবং ৭৪ জন লেবার পার্টির এমপি।  

নিষেধাজ্ঞার ফলে তারা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।   

যুক্তরাজ্য গত মার্চ মাসে রুশ পার্লামেন্টের ৩৮৬ জন সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 'পাল্টা ব্যবস্থা' হিসেবে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে।  

এদিকে, রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় এমন কয়েকজনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা আর হাউস অফ কমন্সে নেই। তাদের মধ্যে আছেন অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভ, ররি স্টুয়ার্ট, চার্লি এলফি।

আবার নিষেধাজ্ঞার তালিকা থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কিছু কট্টর সমালোচককেও বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে আছেন লেবার পার্টির ক্রিস ব্রায়ান্ট।