মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত বন্দর নগরী মারিউপোল থেকে বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেওয়ার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রুশ নিয়ন্ত্রিত বন্দর বেরডিয়ানস্কের মধ্য দিয়ে মারিউপোল থেকে ঝাপোরিঝঝিয়া পর্যন্ত মানবতার করিডোর আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে খোলা হবে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, 'এই উদ্যোগের সাফল্য নিশ্চিত করতে আমরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) হাইকমিশনার এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটিকে (আইসিআরসি) এই অভিযানে সরাসরি অংশ নেওয়ার প্রস্তাব দিচ্ছি।'

রাশিয়ার মন্ত্রণালয় কিয়েভকে অনুরোধ করেছে তারা যেন রাশিয়া, ইউএনএইচসিআর ও আইসিআরসির কাছে লিখিতভাবে যুদ্ধবিরতির পক্ষে 'নিঃশর্ত সম্মান' নিশ্চিত করে।

ইউক্রেন আগ্রাসনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর অন্যতম মারিউপোলে প্রায় ২ সপ্তাহেরও বেশি সময় ধরে সরাসরি সংঘর্ষ ও বোমাবর্ষণ হয়েছে। শহরটিতে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আটকে আছেন।

তাদের বের করে আনার উদ্যোগের অংশ হিসেবে এই যুদ্ধবিরতির উদ্যোগ।