বিশ্বে নতুন অর্থনৈতিক ব্যবস্থা আসছে: রাশিয়া
বিশ্বে নতুন অর্থনৈতিক ব্যবস্থা আসছে এবং সেই ব্যবস্থায় পশ্চিমাদের আধিপত্য থাকবে না বলে মন্তব্য করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট এবং রাশিয়ান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।
আজ বুধবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।
মেদভেদেভ বলেন, 'ইউক্রেন সংঘাতে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইইউ ও তাদের মিত্রদের দেওয়া নারকীয় নিষেধাজ্ঞাগুলো রাশিয়াকে পঙ্গু করতে ব্যর্থ হয়েছে। এসব নিষেধাজ্ঞা বরং বুমেরাংয়ের মতো পশ্চিমাদের দিকে ফিরে আসছে।'
'পশ্চিমারা যখন রাশিয়াকে কোণঠাসা করার নিরর্থক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন বিশ্ব ধীরে ধীরে নতুন বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে। আর্থিক ব্যবস্থার উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে', যোগ করেন তিনি।
মেদভেদেভ আরও বলেন, 'ব্যক্তিগত সম্পত্তির পবিত্রতার নীতির সঙ্গে আপস করে যারা অন্য দেশের হিসাব জব্দ করে এবং অন্য মানুষের ব্যবসায়িক ও ব্যক্তিগত সম্পত্তি চুরি করে, তাদের বিশ্বাস করা অসম্ভব।'
'রিজার্ভ মুদ্রার ওপর আস্থা ভোরের কুয়াশার মতো ম্লান হয়ে যাচ্ছে এবং ডলার ও ইউরো ত্যাগ করার সম্ভাবনা এখন আর অবাস্তব বলে মনে হচ্ছে না। আঞ্চলিক মুদ্রার যুগ আসছে', উল্লেখ করেন সাবেক রুশ প্রেসিডেন্ট।