বিদ্যুৎ বিচ্ছিন্ন চেরনোবিল থেকে তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা ইউক্রেনের
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে ইউক্রেন।
দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা এনারগোটম তাদের এই আশঙ্কার কথা জানিয়েছে। খবর রয়টার্সের।
সংস্থাটি জানায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চেরনোবিল বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানি ঠান্ডা রাখা যাচ্ছে না। এখান থেকে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে যেতে পারে।
রয়টার্স জানায়, যুদ্ধের কারণে চেরনোবিল প্ল্যান্টের উচ্চ-ক্ষমতার বিদ্যুৎ লাইনটি মেরামত করা সম্ভব হচ্ছে না। বিদ্যুৎকেন্দ্রটি এখন রুশ বাহিনীর দখলে আছে।
এনারগোটম জানায়, চেরনোবিলে বর্তমানে ব্যবহার করা প্রায় ২০ হাজার ইউনিট তেজস্ক্রিয় জ্বালানি আছে, যেগুলো বিদ্যুৎ বিভ্রাটের জন্য ঠান্ডা রাখা যাচ্ছে না।
এগুলোর উত্তপ্ত হয়ে তেজস্ক্রিয় বিকিরণ ছড়াতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।
তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ভেসে ইউক্রেনের অন্যান্য অংশ, বেলারুশ, রাশিয়া এবং ইউরোপের অন্যান্য অঞ্চলে পর্যন্ত যেতে পারে বলে সংস্থাটির একটি বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎ ছাড়া প্ল্যান্টের বায়ুচলাচল ব্যবস্থাও কাজ করবে না। এর ফলে কর্মীরা বিকিরণের সংস্পর্শে চলে আসতে পারেন।
চেরনোবিলের তেজস্ক্রিয় বর্জ্য পর্যবেক্ষণকারী সিস্টেমে ডেটা আসা বন্ধ হয়ে গেছে বলে মঙ্গলবার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা সতর্ক করেছে।
চেরনোবিল ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।
১৯৮৬ সালের এপ্রিলে চেরনোবিলের চতুর্থ চুল্লিতে বিস্ফোরণ ঘটেছিল। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সেই পারমাণবিক দুর্ঘটনায় ইউরোপের অনেক দেশে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েছিল।
