তেল আমদানি বন্ধসহ রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্রস্তাব ইইউর
রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞাসহ মস্কোর বিরুদ্ধে ষষ্ঠ ধাপে নতুন করে আরও কিছু নিষেধাজ্ঞা দিতে ২৭ সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন।
আজ বুধবার ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান বলে বার্তাসংস্থা এপি জানিয়েছে।
গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে এর আগে ৫ ধাপে বিভিন্ন ধরনের অর্থনৈতিক, বাণিজ্যিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা জারি করে ইইউ।
আজ বক্তব্যে প্রেসিডেন্ট ভন ডার লেইন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোকে ৬ মাসের মধ্যে অপরিশোধিত তেল এবং বছরের শেষ নাগাদ পরিশোধিত তেল আমদানি বন্ধ করার প্রস্তাব দেন।
অন্যান্য প্রস্তাবের মধ্যে আছে রাশিয়ার বৃহত্তম ব্যাংক এসবার ব্যাংকসহ ক্রেডিট ব্যাংক অব মস্কো ও রাশিয়ান এগ্রিকালচারাল ব্যাংককে আন্তর্জাতিক পেমেন্ট মেসেজিং সিস্টেম সুইফট থেকে বিচ্ছিন্ন করা।
'পুতিনের মিথ্যা বক্তব্য প্রচার' বন্ধ করতে ইসি প্রেসিডেন্ট ইউরোপের দেশগুলোতে ক্যাবল, স্যাটেলাইট ও ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ করারও আহ্বান জানান।
ইউক্রেনের বুচাতে যুদ্ধাপরাধ সংঘটিত করা এবং মারিউপোল দখল করার সঙ্গে সংশ্লিষ্ট ৫৮ রুশ নাগরিকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার প্রস্তাব জানান তিনি।
পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়ন প্রধান বলেন, 'পুতিনকে তার নৃশংস আগ্রাসনের জন্য চড়া মূল্য দিতে হবে।'
ইইউর দেশগুলোতে মোট ব্যবহৃত তেলের প্রায় ২৫ শতাংশ রাশিয়া থেকে আমদানি করা হয়। রাশিয়া থেকে আমদানি করা পেট্রল ও ডিজেল যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
তবে প্রস্তাবগুলোর মধ্যে অবশ্য রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধের কোনো পরিকল্পনার কথা বলা হয়নি। ইইউ দেশগুলো প্রায় ৪০ শতাংশ প্রাকৃতিক গ্যাস রাশিয়া থেকে আমদানি করে।
এর আগে রাশিয়া থেকে কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ইইউ।
তবে ইইউ সদস্যভুক্ত হাঙ্গেরি এবং স্লোভাকিয়া ইতোমধ্যে বলেছে যে তারা তেল আমদানি নিষেধাজ্ঞায় অংশ নেবে না। দেশ দুটি আজকের নিষেধাজ্ঞা প্রস্তাব থেকে ছাড় পাবে কি না, তা অবশ্য জানাননি ইইউ প্রধান।
এদিকে রাশিয়ার এক সিনিয়র পার্লামেন্ট মেম্বার (এমপি) অবশ্য বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নিষেধাজ্ঞা জারি করলেও, তারা তৃতীয় কোনো দেশের মাধ্যমে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে।
বিবিসি জানায়, এমপি ভ্লাদিমির জাবারভ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
তিনি বলেন, 'ইউরোপের নেতারা একটু পাগল হয়ে গেছে। তারা বলে যে আমাদের কাছ থেকে তেল কিননে না। ঠিক আছে...। আপনারা কিনবেন, কিন্তু তৃতীয় দেশের মাধ্যমে।'