তুরস্কে কাল শুরু হতে পারে ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা তুরস্কের ইস্তাম্বুলে পুনরায় শুরু হতে চলেছে। আগামীকাল মঙ্গলবার থেকে এ আলোচনা শুরু হতে পারে। এবারের আলোচনা হবে সশরীরে।

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে লাভরভ এ তথ্য জানান বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।  

লাভরভ বলেন, 'এই আলোচনা চলমান রয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনেকগুলো আলোচনার পর তারা আজ-আগামীকাল আবারও সশরীরে আলোচনা  শুরু করবে।'

'আমরা আশাবাদী, এই আলোচনা একটি ফলাফল নিয়ে আসবে এবং এই ফলাফল আমাদের মৌলিক লক্ষ্যগুলো অর্জন করবে', যোগ করেন তিনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ সাংবাদিকদের বলেন, 'সশরীরে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ।'  

মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে আলোচনা আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন পেসকভ।