ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থানে কংগ্রেসসহ বিরোধীদলের সমর্থন
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভারতের নিরপেক্ষ অবস্থান এবং ইউক্রেন থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় বিজেপি সরকারকে সমর্থন জানিয়েছে ভারতে বিরোধী দলগুলো।
আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয় শংকরের ডাকা 'কনসালটেটিভ কমিটি'র বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ ৬টি বিরোধী দলের ৯ জন এমপি উপস্থিত ছিলেন।
সাড়ে ৩ ঘণ্টার ওই বৈঠকে বিরোধীদলের নেতারা ইউক্রেন-রাশিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট দেয়া থেকে বিরত থাকার ব্যাপারে বিজেপি সরকারের অবস্থানকে ব্যাপকভাবে সমর্থন জানিয়েছেন।
জয়শঙ্কর এক টুইটে বলেন, 'ইউক্রেনের পরিস্থিতি নিয়ে কনসালটেটিভ কমিটির বৈঠক শেষ হয়েছে। বৈঠকে ইউক্রেনের পরিস্থিতির কৌশলগত ও মানবিক দিকগুলোর ওপর ফলপ্রসু আলোচনা হয়েছে। ইউক্রেন থেকে সমস্ত ভারতীয়দের ফিরিয়ে আনার প্রচেষ্টার জন্য সবাই শক্তিশালী সমর্থন জানিয়েছেন এবং সম্মতি দিয়েছেন।'
নেতারা 'সংলাপ এবং কূটনীতির গুরুত্বের ওপর জাতীয় ঐকমত্যে' পৌঁছেছে বলে আরেকটি টুইটে বলেন তিনি।
নয়াদিল্লির সংবাদদাতা জানিয়েছেন, বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, 'আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।'
বৈঠক সম্পর্কে এক টুইটে শশী থারুর বলেন, '৬টি রাজনৈতিক দলের ৯জন এমপি বৈঠকে উপস্থিত ছিলেন। বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এটি উল্লেখযোগ্য যে, যখনই জাতীয় স্বার্থের কথা আসে তখন আমরা সবাই সবার আগে ভারতীয়।'
পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করে তিনি আরও বলেন, 'আমি ধন্যবাদ জানাই ড. এস জয়শঙ্কর ও তার সহযোগীদের, এমন বস্তুনিষ্ঠ ও খোলামেলাভাবে আমাদের প্রশ্ন ও উদ্বেগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দেখানোর জন্য। এই চেতনা নিয়েই পররাষ্ট্রনীতি চালানো উচিত।'
কংগ্রেসের এমপি বেসেরি ভেঙ্কটা সত্যবতী বলেন, 'সরকার আমাদের আশ্বস্ত করেছে যে আটকে পড়া সব ভারতীয় শিক্ষার্থীদের আগামী কয়েক দিনের মধ্যে সরিয়ে নেওয়া হবে।'