ইউক্রেনের স্কুলে বোমা হামলা, ২ মরদেহ উদ্ধার, ৬০ জন নিহতের আশঙ্কা

স্টার অনলাইন ডেস্ক

পূর্ব ইউক্রেনের গ্রাম বিলোহোরিভকার একটি স্কুলে রুশ বাহিনীর বোমা হামলায় ৬০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্কুল ভবন থেকে ইতোমধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেঙে পড়া দালানের ইট ও পাথরের নিচে চাপা পড়ে আরও ৫৮ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন লুহানস্ক অঞ্চলের মেয়র।

গভর্নর সেরহেই গাইদাইয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, শনিবার বিকেলে রুশ বাহিনী স্কুলে একটি বোমা নিক্ষেপ করে, যেখানে ৯০ জন আশ্রয় নিয়েছিলেন। বোমার বিস্ফোরণে পুরো দালানে আগুন লেগে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গাইদাই বলেন, 'প্রায় ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। ধ্বংসস্তূপ পরিষ্কার করার পর মাত্র ২ জনের মরদেহ খুঁজে পাওয়া গেছে।'

তিনি আরও জানান, 'ধ্বংসস্তূপ থেকে ৩০ জনকে সরিয়ে নেওয়া হয়, যাদের মধ্যে ৭ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ৬০ জন দালানের নিচে চাপা পড়ে মারা গেছেন।'

রয়টার্স তাৎক্ষণিকভাবে এ বক্তব্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি।