ইউক্রেনকে সহায়তায় কংগ্রেসে ৩৩ বিলিয়ন ডলার চাইলেন বাইডেন

স্টার অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে যুদ্ধকালীন সহায়তার জন্য কংগ্রেসের কাছে ৩৩ বিলিয়ন মার্কিন ডলার চেয়েছেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তায় একে নাটকীয় বৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।

বিপুল অর্থের মধ্যে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সহায়তা হিসেবে ২০ বিলিয়ন ডলারেরও বেশি খরচ করতে চান প্রেসিডেন্ট বাইডেন। পাশাপাশি ইউক্রেন সরকারকে সরাসরি আর্থিক সহায়তা হিসেবে সাড়ে ৮ বিলিয়ন ডলার এবং মানবিক সহায়তার জন্য ৩ বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

কংগ্রেসকে এই অনুরোধ জানানোর পর হোয়াইট হাউজে বাইডেন বলেন, 'ইউক্রেনের স্বাধীনতা রক্ষার লড়াইয়ে সহযোগিতা করতে আমাদের এই বিলটি প্রয়োজন।'

তিনি আরও বলেন, এই যুদ্ধের খরচ কম না হলেও আগ্রাসনকারীদের এর জন্য আরও কঠিন মূল্য চুকাতে হবে।

এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিজের সেনা বা ন্যাটো বাহিনীকে পাঠানোর সম্ভাবনা নাকচ করে এলেও ওয়াশিংটন ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র সরবরাহ করেই চলেছে। এই খরচ বহনের জন্য প্রেসিডেন্ট বাইডেন পুতিনের ঘনিষ্ঠ প্রভাবশালী রুশ ব্যবসায়ীদের সম্পদ বাজেয়াপ্ত করতে আরও ক্ষমতা চাইছেন। হোয়াইট হাউজ বলেছে, রুশ ধনকুবেরদের সম্পদ বাজেয়াপ্ত করে তা ইউক্রেনে পাঠানোর প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট।

রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র সরকার যে বিপুল সহায়তার কথা বলছে তা যুদ্ধ-পূর্ববর্তী ইউক্রেনের জিডিপির এক পঞ্চমাংশের সমান। আর ২০ বিলিয়ন ডলার সামরিক সহায়তা রাশিয়ার গত এক বছরের সামরিক বাজেটের প্রায় এক তৃতীয়াংশ।

রাশিয়ার আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রায় ৩ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। বাইডেন প্রশাসন বলছে, যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা এখন পর্যন্ত রুশ ধনকুবেরদের ৩০ বিলিয়ন ডলার সম্পদ জব্দ করেছে।