২৫ দিনে বেনাপোল দিয়ে আমদানি ১৯৮০ মে.টন অক্সিজেন

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

করোনায় দেশের অক্সিজেন ঘাটতি কমাতে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে অক্সিজেন আমদানি বেড়েছে। গত ২৫ দিনে বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে এক হাজার ৯৮০ মেট্রিক টন অক্সিজেন।

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মতিয়ার রহমান বলেন, ‘করোনা মহামারিতে নিজেদেরই অক্সিজেন সংকট দেখা দেওয়ায় গত ২১ এপ্রিল থেকে বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। তাদের করোনা সংক্রমণ কমতে থাকায় গত ২১ জুন পুনরায় অক্সিজেন রপ্তানির অনুমতি দেয়।’

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বলেন, ‘দেশে অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিবেশী দেশ ভারত থেকে অক্সিজেন আমদানি বেড়েছে।’

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, ‘দেশে অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় বেনাপোল বন্দর দিয়ে পাঁচ আমদানিকারক অক্সিজেন আমদানি করে থাকেন। এর মধ্যে লিন্ডে বাংলাদেশ ও স্পেকট্রা অক্সিজেন আমদানি করে প্রায় ৯০ শতাংশ অক্সিজেন।’

গত বৃহস্পতিবার স্পেকট্রা, লিন্ডে অক্সিজেন ও ইসলাম অক্সিজেন ১৯৫ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে। গত ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত ২৫ দিনে ভারত থেকে এক হাজার ৯৮০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে ১১০ মেট্রিক টন অক্সিজেন আমদানি হচ্ছে।