রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে না জেএসডি

স্টার অনলাইন রিপোর্ট

নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেবে না জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি আ স ম আবদুর রব এ ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সংলাপ হবে নির্বাচন কমিশন নিয়ে নয়, সংলাপ হতে হবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সরকার গঠন প্রক্রিয়া নিয়ে।'

'শুধুমাত্র নির্বাচন কমিশন গঠন নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য কোন গ্যারান্টি বা সমাধান নয়' উল্লেখ করে আ স ম রব বলেন, 'বাস্তবতার প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে জেএসডি অংশগ্রহণ করছে না।'

তিনি আরও বলেন, 'বিদ্যমান নির্বাচন কমিশন বর্তমান রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত। কিন্তু এই কমিশন চরম পক্ষপাতদুষ্ট হয়ে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে "দিনের ভোট রাতে" সম্পন্ন করে সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্নকে বধ্যভূমিতে পরিণত করেছে এবং সমগ্র জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে।'

'নির্বাচন প্রশ্নে রাষ্ট্রপতি, সরকার, নির্বাচন কমিশন সকলেই সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত। যারা সংবিধান লঙ্ঘনকারী তাদের অবশ্যই জাতির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়া উচিত,' যোগ করেন তিনি।

কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান ইসির মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে। ইসি পুনর্গঠনের বিষয়ে আলোচনার জন্য সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপের মাধ্যমে গত ২০ ডিসেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি।

তবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপের আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি। এ ছাড়া বিএনপিও সংলাপে অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।