রাজনৈতিক দলের কাছে ১০ ফেব্রুয়ারির মধ্যে নাম প্রস্তাবের আহ্বান সার্চ কমিটির

স্টার অনলাইন রিপোর্ট

নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার পদের জন্য রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ ১০ জন করে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা জমা দিতে বলেছে সার্চ কমিটি।

আজ রোববার রাতে সার্চ কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিমের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যক্তিগত পর্যায়ে আগ্রহী ব্যক্তিরা তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আগামী ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে সর্বোচ্চ ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে।

পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ইমেইলের মাধ্যমে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

রোববার বিকেলে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে জাজেস লাউঞ্জে বৈঠকে বসে সার্চ কমিটি। সার্চ কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফ করেন।