ইসি গঠনে রাজনৈতিক দলগুলো থেকে নাম চাইবে সার্চ কমিটি

স্টার অনলাইন রিপোর্ট

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার পদের জন্য যোগ্য ব্যক্তি খুঁজে বের করতে গঠন করা সার্চ কমিটির প্রথম বৈঠক শেষ হয়েছে। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকেও নাম চাওয়া হবে।

আজ রোববার বিকেলে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে জাজেস লাউঞ্জে বৈঠকে বসে সার্চ কমিটি। সার্চ কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন এবং কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফ করেন।

anwarul_0.jpg
সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

খন্দকার আনোয়ারুল বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব করতে ২৪ তারিখ পর্যন্ত সময় আছে। তার আগেই এটা করে দেওয়া হবে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নামের প্রস্তাব চাওয়া হবে। এ ব্যাপারে আজকেই প্রজ্ঞাপন জারি করা হবে। ব্যক্তিগতভাবে কেউ আগ্রহী হলে তারাও তাদের জীবন বৃত্তান্ত জমা দিতে পারবেন।

তিনি বলেন, আগামী মঙ্গলবার সার্চ কমিটির সদস্যরা আবার বৈঠকে বসবে। এর পর শনিবার দুটি ও রোববার একটি বৈঠক হবে। সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ওই বৈঠকগুলো হবে। তাদের কাছ থেকেও পরামর্শ ও প্রস্তাব নেওয়া হবে। এর পরই আইন অনুযায়ী যোগ্যতা যাচাই বাছাই করে ১০ জনের নাম চূড়ান্ত প্রস্তাব করা হবে।

প্রথম দিনের বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, আলোচনায় মূলত কর্মপদ্ধতি ও পরিচিতি পর্ব ছিল।