মানিকগঞ্জে নির্বাচনী সহিংসতায় এক নারী নিহত

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ভোটকেন্দ্রের পাশে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের মধ্যে পড়ে সমেলা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলার বাচামারা ইউনিয়নের বাচামারা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে।

নিহত সলেমা ওই এলাকার মাহাতাব নামের এক ব্যক্তির স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা। তিনি বলেন, কেন্দ্রের পাশে দুই মেম্বার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই নারী ২ পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে মারা যান। স্থানীয়দের ভাষ্য, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।