মানিকগঞ্জে জয়ী নারী সদস্যের ওপর পরাজিত প্রার্থীর হামলার অভিযোগ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের বিজয়ী সদস্যের ওপর পরাজিত প্রার্থী হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার সকালে উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে জয়ী হন হাবেজা বেগম। একই এলাকার কলম প্রতীকের প্রার্থী নার্গিস আক্তার পরাজিত হন। আজ সকালে জয়ী প্রার্থী তার বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকাকালে পরাজিত প্রার্থী নার্গিস আক্তার তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ হামলা করেন। হামলায় আহত নারী ইউপি সদস্যকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, 'হামলায় হাবেজা বেগমের ডান কানের কিছু অংশ ছিঁড়ে গেছে। অভিযোগ পেয়েছি। দ্রুত ব্যবস্থা নিচ্ছি।'