ব্রাহ্মণবাড়িয়ায় সমর্থকরা সংঘর্ষে জড়ানোয় ২ মেম্বার প্রার্থী আটক
সমর্থকরা ভোটকেন্দ্রে সংঘর্ষে জড়ানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২ মেম্বার প্রার্থীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলায় বাসুদেব ইউনিয়নের দতাইসার ভোটকেন্দ্রে সংঘর্ষের পর দুপুর ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ৩ নম্বর ওয়ার্ডের মোরগ প্রতীকের প্রার্থী ও বর্তমান মেম্বার ভাতশালা গ্রামের বাবুল ভূঁইয়া এবং একই ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থী দতাইসার গ্রামের শাহীন মিয়া।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ওই এলাকায় নির্বাচনী দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন।
তিনি বলেন, '২ মেম্বার প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এজন্য তাদেরকে আটক করে রাখা হয়েছে।'
মোশারফ হোসেন জানান, দতাইসার ভোটকেন্দ্রে বাবুল মিয়া ও শাহিন মিয়ার সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের খবর পেয়ে স্ট্রাইকিং ফোর্সের বিজিবি সদস্যরা ২ পক্ষকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
দুপুর ১টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে দতাইসার ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কমে গেছে।