বিশৃঙ্খলা করতে পারে এমন ব্যক্তির গ্রেপ্তার সব প্রার্থীর চাওয়া: আইভি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের দিন ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে যেতে পারবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভি।
আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আইভি বলেন, যে কোনো প্রার্থী শঙ্কা জানাতে পারেন। আমি মনে করি, পূর্বের ইতিহাস বলে নারায়ণগঞ্জের নির্বাচন যতই টানটান থাকুক না কেন কিন্তু ভোটের দিন পরিবেশ খুবই ভালো থাকে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যায়। আশা করি, এবারও সে রকম একটা পরিবেশ থাকবে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিযোগ করেছেন তাদের নেতা-কর্মীদের বাসায় বাসায় তল্লাশি চলছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এ প্রসঙ্গ জানতে চাইলে তিনি বলেন, আমি ঠিক জানি না। আমি প্রচারণায় ব্যস্ত। আমরা নিজেরাই বলি, উনিও বলেন, সব ধরনের অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করা হোক। যারা বিশৃঙ্খলা তৈরি করতে পারে তাদের গ্রেপ্তার করা হোক সেটা সব প্রার্থীর চাওয়া থাকে। উনিও বলেছেন, পরিবেশটা যেন সুন্দর থাকে।
আইভি আরও বলেন, নেতা-কর্মীরা তো সবাই তার পাশে ভোট চাচ্ছে। আমার নেতা-কর্মী আমার সঙ্গে আছে। উনার নেতা-কর্মীরা উনার সঙ্গে থেকেই ভোট চাচ্ছেন। কোথায়, কী হয়েছে আমার জানা নেই।
আমি সব সময় বলে এসেছি আমার সঙ্গে আমার জনগণ আছে। আর দল যেহেতু আমাদের দিয়েছে, তাহলে নিশ্চয়ই আমার দল আমার পাশে আছে। এখন দলের ভেতর থেকে কে আসবে, কে আসবে না সেটা আমার দেখার বিষয় না। সেটা দলের নেতারা দেখবেন। আমার আস্থা সব সময়ই ছিল জনগণের প্রতি—বলেন আইভি।
শামীম ওসমান ঘোষণা দিয়েছেন আজ থেকে মাঠে থাকবেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি মাঠে থাকবেন কীভাবে। উনি তো সংসদ সদস্য। আচরণবিধি লঙ্ঘন হবে উনি যদি মাঠে থাকেন।
তিনি আরও বলেন, আমার আস্থা সব সময় ছিল আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা উপরে। আস্থা আছে আমার দল আওয়ামী লীগের প্রতি। আমার আস্থা আমার জনগণ। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না।