ফেনীতে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার, আটক ১৩
নির্বাচনী বিধি-নিষেধ লঙ্ঘন করে ফেনীর সোনাগাজী উপজেলায় ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় বিভিন্ন প্রার্থীর ১৩ জন পোলিং এজেন্টকে আটক করেছে পুলিশ।
আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মধ্য চর চান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হোয়াই অং প্রু মারমা দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এর আগে আরও ৩০ জনকে আটক করা হয়।
চতুর্থ ধাপে ফেনীর সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ কার্যক্রম বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।