পার্বতীপুরে একই স্থানে ২ প্রার্থীর সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি
দিনাজপুরের পার্বতীপুরে আজ সোমবার বিকেলে দুই চেয়ারম্যান প্রার্থী একই স্থানে একই সময়ে নির্বাচনী সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
পার্বতীপুর উপজেলার ইউএনও নাশিদ কায়সার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'উপজেলার হরিরামপুর ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী মাধ্যপাড়া গ্রামের একই জায়গায় একই দিন ও সময়ে নির্বাচনী সমাবেশ আহবান করায় কোনো রকম আইনশৃঙ্খলার অবনতি এড়াতে মধ্যপাড়া বাজারে ১৪৪ ধারা জারি করা হয়।'
সোমবার মধ্যরাত ১২টা পর্যন্ত ওই স্থানে কোনো সভা-সমাবেশ, জনসমাবেশ, মিছিল ও মিটিং করা যাবে না বলে জানান ইউএনও।
স্থানীয়রা জানান, ক্ষমতাসীন আ. লীগ নেতা এবং বর্তমান চেয়ারম্যান মাসুদুর রহমান নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি মধ্যপাড়া বাজারে সোমবার বিকেলে তার নির্বাচনী প্রচারণা আয়োজনের অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। অন্যদিকে, মোজাহেদুল ইসলাম সোহাগ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীও একই দিনের সময়ে ওই জায়গায় তার নির্বাচনী প্রচারণার জন্য আবেদন করেছিলেন।
মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, 'স্থানীয় প্রশাসন সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে।'