নৌকায় সিল মারতে গিয়ে প্রিজাইডিং অফিসার আটক

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে সিল মারার সময় প্রিজাইডিং অফিসার এইচ এম কামরুজ্জামানকে আটক করেছেন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ বুধবার দুপুরে উপজেলার ৬ নম্বর নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক এইচ এম কামরুজ্জামান উপজেলার আব্দুল্লাহর হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক।

তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম ফয়সাল ও নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম জানান, আজ দুপুর পৌনে ৩টার দিকে সোনাইমুড়ীর উপজেলার ৬ নম্বর নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার এইচ এম কামরুজ্জামান নৌকা প্রতীকে সিল মারছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে হাতেনাতে ধরে ফেলে আটক করেন।

আটক প্রিজাইডিং অফিসার এখন পুলিশ হেফাজতে আছেন। তাকে আজ রাতে সোনাইমুড়ী উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।