নির্বাচনের প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জিং: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, 'নির্বাচনের প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জিং। আমি জনগণের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। আমার কাছে প্রতিটা ঘর, প্রতিটা মুহূর্ত চ্যালেঞ্জিং।'
আজ বুধবার সকালে শহরের নিতাইগঞ্জ এলাকায় ১৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আইভী বলেন, 'এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে। ১৬ তারিখ পর্যন্ত এমন পরিবেশ চাই। মানুষ যাতে সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোট দিতে পারে।'
সম্প্রতি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমূর অভিযোগ করেছেন, তার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়ে আইভী বলেন, 'আমি এ বিষয়ে জানি না। তবে শুনেছি সিদ্ধিরগঞ্জে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে, তিনি জামিন নেননি। আমি আরও নির্বাচন করেছি। আমার তরফ থেকে সেরকম কিছু ছিল না। সুতরাং যদি আইনশৃঙ্খলা বাহিনী শহরের পরিবেশ ঠিক রাখার জন্য কোনো মাদকাসক্ত বা মাদকচোরাকারবারীকে ধরে কিংবা টেররিস্ট কাউকে ধরে অথবা কিশোর গ্যাংদের যদি ধরে, সেটা তাহলে সঠিক কাজ করেছে। এর বাইরে আমি জানি না কাকে ধরেছে। কারণ, আমি ব্যস্ত।'
'আমি আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশ রাখার জন্য অবশ্যই যেন তাদের করণীয় কাজ করে,' যোগ করেন আইভী।
নির্বাচনে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'আমি নিজে কোনো বাধাপ্রাপ্ত হইনি। কিন্তু কিছু কিছু জায়গায় আমার কর্মীদের ফোনে বকা দেওয়া হয়েছে। সামনা-সামনি হলে একটু ধাক্কাধাক্কি হয়ে যায়। এটা হয়ই নির্বাচনে। সিরিয়াস কিছু না।'
তৈমূর আলম খন্দকারের সঙ্গে বহিরাগত সন্ত্রাসীরা আছে বলে মনে হয়? এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, 'আমি জানি না তৈমূর কাকার সঙ্গে কে আছে—বহিরাগতরা আছে কি না বা সন্ত্রাসীরা আছে কি না। সন্ত্রাসী যেকারো সঙ্গে থাকতে পারে। সন্ত্রাসীদের কোনো দল নাই, ধর্মও নাই, জাতও নাই। শহরে চিহ্নিত সন্ত্রাসীরা তো আছেই, গুণ্ডাবাহিনী থেকে শুরু করে বহু কিছু আছে। তাদেরকে ধরা হোক।'
তিনি আরও বলেন, 'আমি কোনো নেতাকে ইন্ডিকেট করে কিছু বলিনি। সব সময় আমার চাওয়া, শহরের পরিবেশ যেন সুন্দর থাকে। কেউ যেন কাউকে ভয়ভীতি দেখাতে না পারে। নির্বাচনে যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়।'
টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'এমন অভিযোগ আমিও পেয়েছি। টাকার ছড়াছড়ি হচ্ছে বিভিন্ন জায়গায়। এটাও বন্ধ করতে হবে প্রশাসনকে। সারা বাংলাদেশ জানে, আমি গরীব মানুষ। গরীব বলতে আমি অর্থনৈতিকভাবে সাধারণ জীবনযাপন করি। এটা আমার শত্রু পক্ষও জানে। আমার কাকা তৈমূর আলম খন্দকারও জানে। আমি কখনোই টাকার রাজনীতি করিনি, করবও না।'
১৬ জানুয়ারি নির্বাচন হবে নাকি খেলা হবে? জবাবে আইভী বলেন, '১৬ তারিখ নির্বাচন হবে। ২০১১ সালে নারায়ণগঞ্জে খুব সুন্দর নির্বাচন হয়েছিল। বাংলাদেশ সরকার খুব সুন্দর নির্বাচন করেছে। একদম নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। যদি নিরপেক্ষ নির্বাচন না হতো, প্রশাসন যদি সহযোগিতা না করতো তাহলে আমি মেয়র হতে পারতাম না।'
তিনি আরও বলেন, '২০১৬ সালে নির্বাচন করেছি সাখাওয়াতের সঙ্গে। খুব সুন্দর পরিবেশ ছিল সেখানেও। উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে। ১৬ তারিখেও উৎসব মুখর পরিবেশে ভোট দিবে। প্রশাসনের কাছে দাবি, মানুষ যাতে ভয় না পেয়ে সুন্দরভাবে ভোট দিতে পারে।'
তৈমূর আলম খন্দকারের প্রতীক হাতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বনের হাতি বনে যাবে, নৌকা মার্কা জিতে যাবে।'
শামীম ওসমানের কাছে সহযোগিতা পাচ্ছেন কি না—জানতে চাইলে আইভী বলেন, 'এক প্রশ্ন শুনতে শুনতে বিরক্ত। তৈমূর কাকাকে নিয়ে প্রশ্ন করেন। একটা বিশেষ মানুষকে নিয়ে কেন? উনি নৌকার মানুষ, নৌকা ছাড়া কোথায় যাবে?'