নির্বাচনকে কেন্দ্র করে আর মৃত্যু দেখতে চাই না: নির্বাচন কমিশনার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, আমার জীবনে আমি বহু মৃত্যু দেখেছি। নির্বাচনকে কেন্দ্র করে আর মৃত্যু দেখতে চাই না।

আজ রোববার দুপুরে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, 'আপনাদের কাছে অনুরোধ, আপনাদের ভোটারদের বলবেন ভোট কেন্দ্রে যেতে। তারপর যেতে যদি না পারেন তাহলে আমার পুলিশ, ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি আছে। আমরা ব্যবস্থা নিবো। কিন্তু আপনারা দয়া করে ভোট দিতে যাবেন।'

নির্বাচন কমিশনার বলেন, 'বার বার একটা কথা বলছি, আমার জীবনে আমি বহু মৃত্যু দেখেছি। নির্বাচনকে কেন্দ্র করে আর মৃত্যু দেখতে চাই না। কোনো প্রার্থীর কারণে যদি আরেক প্রার্থীর মৃত্যু হয়, তাহলে আপনাদের মা-বাবা যতটুকু কষ্ট পাবে ততটুকু কষ্ট হয়তো আমি পাবো না, কিন্তু আমারও প্রচণ্ড কষ্ট হবে। দয়া করে আপনারা মনে করবেন না আমরা উদাসীন আছি। এদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন যেন হয় তার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। আপনাদের কাছে সহযোগিতা চাইতে আসছি। দয়া করে সহযোগিতা করবেন।'

তিনি বলেন, 'লেভেল প্লেইং ফিল্ড নাই মানে কেউ অবৈধভাবে ১০টা থেকে মাইক ব্যবহার করছে। আপনি করতেছেন নিয়ম অনুযায়ী ২টার পরে। এতে আপনি মনে করতেছেন আমার লেভেল প্লেইং ফিল্ড নাই। প্রশাসনের পুলিশ, ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ- আপনারা দয়া করে যার মাইক থাকুক না কেন নির্ধারিত সময়ের আগে আপনারা সেটা জব্দ করবেন, জরিমানা করবেন বা দরকার হলে তাকে হাজত বাসও নিশ্চিত করবেন। এ বাইরে যদি কিছু হয় তাহলে পরে আপনাদেরকে আমি ছাড় দিবো না।'

তিনি আরও বলেন, 'আমি এখানে এসেছি আপনাদের সহযোগিতা চাওয়ার জন্য এবং আপনাদের অভিযোগগুলো শোনার জন্য। আপনাদের অনেক ক্ষোভ হয়তো আছে। একজন প্রার্থী বলেছেন একটি ভোট পেয়েছেন। যদি ইভিএমএ কেউ একটা ভোট দিয়ে থাকে, তাহলে আমার দুইটা ভোট করার কোনো রকম উপায় নাই। আপনি যদি আমাকেও বলেন (নির্বাচন কমিশনকে) একটা ভোটকে দুইটা ভোট করে দিতে আমার সাধ্য নাই। কারণ কারো ফিঙ্গার প্রিন্ট কারো সঙ্গে মিলে না। আপনারা ভোট দিতে আসেন। আপনাদের ভোট আপনারা দিবেন। অন্য কারো দেওয়ার ক্ষমতা নাই।'

'আমি আইনশৃঙ্খলার সভায় তাদের বলে যাবো। প্রত্যেক দিকনির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা আমি ব্যক্তিগতভাবে মনিটরিং করব। যেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এ এলাকার ভোটাররা হতাশ না হয়। তাদের ভেতরে যেন ক্ষোভের সৃষ্টি না হয়। তারা যেন অন্তত বলতে পারে একটা ভালো নির্বাচন তারা দেখেছে। এজন্য আমরা সব কিছু করব। আপনাদের কাছে অনুরোধ করে যাইতেছি, আপনাদের সহযোগিতা আমার দরকার,' যোগ করেন তিনি।