ধামরাইয়ে ইউপি নির্বাচন: বিএনপির বহিষ্কৃত নেতা জয়ী
ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মো. রমিজুর রহমান চৌধুরী জয়লাভ করেছেন।
আজ বুধবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের ফলাফল বুথ থেকে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রেজাউল করিম দ্বিতীয় সর্বোচ্চ ৬ হাজার ৯৩৪ ভোট পেয়েছেন।
তারচেয়ে ১ হাজার ৮৫৯ ভোট বেশি পেয়েছেন চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো. রমিজুর রহমান চৌধুরী। তিনি পেয়েছেন মোট ৮ হাজার ৭৯৩ ভোট।
এছাড়া অটোরিকশা প্রতীকে এস এম তানভীর আহমেদ পেয়েছেন ৮২৮ ভোট, হাতপাখা প্রতীকে মো. নুরুজ্জামান ৩৮২ ভোট, ঘোড়া প্রতীকে মোহাম্মদ রবিউল করিম ৩০২ ভোট, আনারস প্রতীকে মো. আলীমুর রহমান ২০৯ ভোট ও মো. মোহেল হায়দার চৌধুরী কবীর মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৪৬ ভোট।
গত ১৫ জুন ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি থেকে একজন প্রার্থী নির্বাচনে অংশ নিলেও পরে তিনি প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
আজ বুধবার এই ইউনিয়নে প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।